বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, অসত্য ও যৌন হয়রানিমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রতিকার চেয়ে তিনি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জিডিটি দায়ের করা হয়। অভিযোগে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা উল্লেখ করেন, ‘Md Mujahidul Islam’, ‘মনজু বিজয় চৌধুরী’ এবং ‘Gen Z Sreemangal’ নামের ফেসবুক আইডিগুলো থেকে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, অশ্লীল ও যৌন হয়রানিমূলক বক্তব্য পোস্ট করা হচ্ছে।
জিডিতে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় ‘Md Mujahidul Islam’ আইডি, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ০৭ মিনিটে ‘মনজু বিজয় চৌধুরী’ আইডি এবং একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে ‘Gen Z Sreemangal’ আইডি থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়।
ডা. সিনথিয়া তাসমিন অভিযোগে উল্লেখ করেন, এসব মিথ্যা ও বানোয়াট পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান, সামাজিক মর্যাদা এবং পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। উক্ত পোস্টগুলোর লিঙ্ক ও স্ক্রিনশটসহ প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণপত্র সংসংরক্ষণ করে তিনি থানায় জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করে ঘটনাটির দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। সাইবার অপরাধে জড়িত আইডিগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
