শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে ঘরের টিনের চাল খুলে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় জগন্নাথ ভর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জগন্নাথ ভর উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা। তিনি মতিলাল ভর ওরফে টিমলার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী শুভা চাষা (৩৫) নিজ বাড়িতে একা ছিলেন। তার স্বামী সেতু চাষা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, ওই রাতে জগন্নাথ ভর ঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করেন। পরে ঘুমন্ত গৃহবধূর মুখ চেপে ধরে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী কৌশলে ঘরের বাইরে বের হয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে ভুক্তভোগীর স্বামী সেতু চাষা শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ৯ রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন শ্রীমঙ্গল থানার এসআই দীপংকর। পুলিশ মামলার আসামি জগন্নাথ ভরকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগীর স্বামী সেতু চাষা জানান, স্ত্রীর চিকিৎসা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে মামলা দায়ের করতে কিছুটা সময় লেগেছে।
মামলার তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য ও আইনানুগ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
