শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি রামদা, একটি বোল্ট কাটার ও একটি স্টিলের রড উদ্ধার এবং একটি সাদা রঙের পাজেরো জিপ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শ্রীমঙ্গল থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার খোশবাস এলাকার শাহ আলম (৩৮), কুলাউড়া উপজেলার বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়) এলাকার সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা (শিববাড়ী) এলাকার মো. আলী হোসেন (৩৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় তিনজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার ও একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের পাজেরো জিপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রেস রিলিজে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করেছে বলে জানানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা এবং পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, তিনজনকে গ্রেপ্তারের ঘটনা সত্য এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ডাকাতির প্রস্তুতির অভিযোগ এবং উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত ও আদালতীয় প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
