নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে এক নারীর হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে পালানোর সময় রাকিবুল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন ট্রাফিক সার্জেন্ট রুয়েল দেবনাথ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের হবিগঞ্জ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের কালিঘাট রোড এলাকায় বসবাসকারী ২৫ বছর বয়সী এক নারী প্রয়োজনীয় কাজে হবিগঞ্জ রোড এলাকায় আসেন। এ সময় রাকিবুল নামের ওই ব্যক্তি কিছুক্ষণ তার পেছনে ঘোরাফেরা করেন। একপর্যায়ে হঠাৎ ওই নারীর হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি।
ঘটনাটি দূর থেকে দেখতে পান ট্রাফিক সার্জেন্ট রুয়েল দেবনাথ। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে দৌড়ে তাকে আটক করতে সক্ষম হন। পরে তাকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।
আটক রাকিবুলের পিতার নাম রফিকুল। তিনি নিজেকে শাহীবাগ এলাকার বাসিন্দা ও রিকশাচালক হিসেবে পরিচয় দিয়েছেন। তার দাবি, তিনি দুই সন্তানের বাবা।
আটকের পর রাকিবুলের সঙ্গে কথা হলে তিনি প্রথমে দাবি করেন, ‘সিজিল’ নামের একজন তাকে এ কাজে সম্পৃক্ত করেছেন এবং মোবাইলটি তার হাতে দেওয়ার কথা ছিল। পরে তাকে জানানো হয়, সিসিটিভি ফুটেজে তাকেই ওই নারীর হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিতে দেখা গেছে। তখন তিনি বলেন, ‘আমি ভুল করেছি। আমি রিকশা চালাই, কখনো আমি এগুলো করি না।’
পরে আবারও তিনি ‘সিজিল’ তাকে এ কাজ করতে বলেছে বলে দাবি করেন। তবে ‘সিজিল’ নামের ওই ব্যক্তির সম্পৃক্ততার দাবির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী নারী জানান, ওই ব্যক্তি প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে তার পেছনে ঘোরাফেরা করছিলেন। এ সময় তিনি বিকাশ থেকে টাকা তুলেছিলেন। তবে ব্যক্তিটির আচরণ বা উপস্থিতি দেখে তার কোনো সন্দেহ হয়নি। একপর্যায়ে হঠাৎ ওই ব্যক্তি তার হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনিও তার পেছনে দৌড়ান। বিষয়টি পুলিশের নজরে পড়লে ট্রাফিক সার্জেন্ট তাকে ধাওয়া করে আটক করেন এবং থানায় নিয়ে যান।
শ্রীমঙ্গল থানার ডিউটি কর্মকর্তা এসআই মামুন বলেন, ট্রাফিক সার্জেন্ট রুয়েল দেবনাথ ওই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। ওসি স্যার থানায় এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক রাকিবুল বলেন, সাধারণ মানুষ তাকে ধরলে হয়তো মারধর করত। পুলিশ তাকে আটক করায় তিনি বেঁচে গেছেন বলেও মন্তব্য করেন। প্রতিবেদকের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় তিনি এ কথা বলেন।
এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট রুয়েল দেবনাথ বলেন, ওই ব্যক্তি মোবাইল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তিনি তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি আর পালাতে পারেননি। পরে মোবাইলসহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা মোবাইল ফোনটি আপাতত ওই নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
