শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও এসআরবি-৯ এর যৌথ অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার এক বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর কর্মকর্তা এবং এসআরবি-৯ শ্রীমঙ্গলের অধিনায়ক এএসপি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় চোরাচালানি পণ্যের একটি বড় চালান রাজাপুরের ওই বাড়িতে মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবি ও এসআরবির একটি চৌকস দল যৌথভাবে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ঘরটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সিগারেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
