শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় এক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত মধ্যরাত প্রায় ১২টার দিকে উপজেলার ৫ নম্বর পুল সংলগ্ন মরহুম হাজী মো. রুফিয়ান মিয়ার ছেলে হুসেন মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে হুসেন মিয়ার বসতঘর থেকে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের এএসআই আনোয়ার ও পুলিশের কয়েকজন সদস্য সহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের প্রায় পৌনে এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাড়ির মালিকের দেওয়া তথ্যমতে, ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
