শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র (চায়নিজ চাকু), ৭০ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ এবং নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক (ওসি) অমল কুমার সেনের নেতৃত্বে এবং স্থানীয় শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলা বাগ এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। এ সময় ওই এলাকার চিহ্নিত ও কুখ্যাত নারী মাদক কারবারিসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি চালিয়ে ১টি চায়নিজ চাকু, ৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, শহরের সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুজিত দাসকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক (ওসি) অমল কুমার সেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় মাদকের অবৈধ কারবার পরিচালনা করে আসছিল। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শ্রীমঙ্গলে মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
