বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পুলিশ অভিযুক্ত আসামী মোঃ বাবুল মিয়া (৩৬)-কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাত অনুমান ১০:০০ ঘটিকায় অপপ্রচারের বিষয়টি নজরে আসার পর শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য মোঃ ছিবত মিয়া (২৬) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এই এজাহার দায়ের করেন। মামলার প্রধান আসামি শ্যামলী আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ বাবুল মিয়া ছাড়া আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ বাবুল মিয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি এবং বিভিন্ন শেয়ারকৃত লিংকের মাধ্যমে সংসদ সদস্যের বিরুদ্ধে অসত্য ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নকারী বিভিন্ন বক্তব্য ও ভিডিও পোস্ট ও শেয়ার করছিলেন। এজাহারে উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এমপি মহোদয়ের সামাজিক ও রাজনৈতিক সম্মানহানির চেষ্টা চালানো হয়েছে এবং এর অন্তরালে কোনো বেআইনি সুবিধা আদায় বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্য থাকতে পারে।
সাইবার সুরক্ষা আইনের আওতায় অভিযোগটি নথিভুক্ত হওয়ার পর শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামী মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে প্রেরণ করে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহৃত আলামত পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িত অন্য অজ্ঞাতনামা আসামীদের সনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
