হারুনুর রশিদ আবদাল: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। চলমান কর্মসূচির আওতায় উপজেলায় ১০ হাজার বৃক্ষচারা বিতরণের লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার, যুবদলের সিনিয়র নেতা আব্দুল মোহিত কদর, উপসহকারী কৃষি কর্মকর্তা সজল পাল এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই স্থানীয় বিদ্যালয়গুলোর শিক্ষকদের মাধ্যমে এসব বৃক্ষচারা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরে ফলদ, ভেষজ ও বনজ বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণ করা হয়।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে পর্যায়ক্রমে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে চারা বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, অত্র ইউনিয়নে ৩৭৪০ টি নানা প্রজাতির চারা বিতরণ করা হয়।
