শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও মাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে শ্রীমঙ্গল থানাধীন ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— জাম্বুরাছড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে তারেক মিয়া (২৬) এবং মাদক ব্যবসার সাথে জড়িত অপর এক কারবারি।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জাম্বুরাছড়া এলাকায় লেহেন খাড়িয়া নামের এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত ঘরে ভারতীয় চোরাই মালামাল নিয়ে কয়েকজন অবস্থান করছে।
সংবাদের সত্যতা পেয়ে এসআই মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন মিয়া ও তারেক মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে গণনা করে মোট ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা (প্রতিটি শাড়ি প্রায় ৪,৫০০ টাকা)। এছাড়া একই এলাকার পৃথক অভিযানে মাদকসহ আরও এক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক আমার সিলেটকে জানায়, আটককৃতরা সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় শাড়ি বাংলাদেশে এনে বিভিন্ন মার্কেটে বিক্রি করত।
চোরাচালান ও মাদক কারবারের সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
