কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যাওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশন ছেড়ে যায়। পরে দুপুর সাড়ে ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনটির দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়।
এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ নয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে যান। অপরদিকে, ট্রেনের বাকি সাতটি বগি মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে।
এ ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে। পরে খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলো শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেয়।
উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষে প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলস্টেশনের মাস্টার প্রদীপ কুমার বলেন, প্রায় চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর উদ্ধার কার্যক্রম শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
