জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ব্র্যাক ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: ‘২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারের জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকার অনুযায়ী হেলমেট স্ট্যান্ডার্ড হালনাগাদ করা, গতিসীমা কার্যকর ও এ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন, দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করা, আন্ডারপাস তৈরি করা, মহাসড়কে বামদিকের লেন তৈরির জন্য প্রকল্প গ্রহণ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তা পারাপার নিয়ন্ত্রণ এবং ডাটা ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে’—আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এসব কথা বলেন।
জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে এবারের প্রতিপাদ্য “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-কে সামনে রেখে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম (গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ – জিআরএসপি প্রকল্প) এবং রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ যৌথভাবে “বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সরকারের অঙ্গীকার” শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে সরকারের দেওয়া অঙ্গীকারসমূহ, সাম্প্রতিক অগ্রগতি এবং নিরাপদ সড়ক ব্যবস্থা (Safe System Approach), টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) ও জাতীয় পরিকল্পনার আলোকে সড়ক দুর্ঘটনায় (রোড ক্র্যাশ) মৃত্যু ও আহতের সংখ্যা কমিয়ে আনার ভবিষ্যৎ করণীয় তুলে ধরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম এমপি আরও বলেন, “সরকার এবং বিশ্বব্যাংকসহ বহু প্রতিষ্ঠান সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করলেও আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছি না। জাতি হিসেবে নিজেদের নিরাপদ না রাখার প্রবণতা অন্যকেও অনিরাপদ করে তুলছে। সড়ক নিরাপত্তার উদ্যোগগুলো শুধু একটি নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাবছর ধরে বাস্তবায়ন করা দরকার। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, পরিবহন মালিক-শ্রমিক সমিতিসহ সংশ্লিষ্ট সকল মহলকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, “বাংলাদেশে প্রচলিত সড়ক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়েছে। অনিরাপদ সড়ক ব্যবস্থাপনার কারণে জাতিগতভাবে আমরা ভোগান্তির শিকার হচ্ছি এবং একে অপরকে দোষারোপ করছি। আশার কথা হলো, আমাদের প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরিবর্তনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং পরিবহন খাতের মাফিয়াতন্ত্র ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন। পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ এবং সাংবাদিকেরা একসাথে কাজ করলে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করি।”
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা একটি বড় অংশ, যা আমাদের এবারের জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের প্রতিপাদ্যেও প্রতিফলিত হয়েছে। আমরা প্রতিটি প্রকল্পে সড়ক নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। এছাড়া চালকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য সুরক্ষাসহ বেতন-ভাতার বিষয়গুলোও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের পরিচালক জনাব আহমেদ নাজমুল হুসেইন। এরপর ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার জনাব এম খালিদ মাহমুদ একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, সরকারের অঙ্গীকার, সাম্প্রতিক অগ্রগতি এবং নীতিগতভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
গোলটেবিল বৈঠকের উন্মুক্ত আলোচনা পর্বে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা কমাতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। আলোচনায় নিরাপদ সড়ক অবকাঠামো, কার্যকর গতিসীমা ব্যবস্থাপনা, নিরাপদ যানবাহন, সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসা সেবার মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর মূল ধারণা হলো সড়ক দুর্ঘটনা প্রতিরোধযোগ্য। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সড়ক ব্যবহারকারীদের নয়; বরং নীতিনির্ধারক, সড়ক কর্তৃপক্ষ, পরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্য খাতসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের এটি একটি সম্মিলিত দায়িত্ব।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ-এর সদস্য প্রতিষ্ঠানসমূহ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, রোড সেফটি বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (GHAI)-এর কান্ট্রি কো-অর্ডিনেটর।
দেশের সড়কব্যবস্থাকে সবার জন্য নিরাপদ করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে গোলটেবিল বৈঠকটি সমাপ্ত হয়।প্রেস বিজ্ঞপ্তি
