শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতে প্রবেশের উদ্দেশ্যে সুশান্ত চন্দ্র বিশ্বাস শ্রীমঙ্গলের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। পরে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের প্রস্তুতি নেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক সীমারেখা অতিক্রমের প্রাক্কালে সুশান্তকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক পদে কর্মরত। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল আল মামুন বলেন, বিজিবি সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করে থানায় হস্তান্তর করে। থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ৫৫ বিজিবি।
