কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে:
‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য জি এম শিবলি।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাসান মো. মোর্শেদুল আলম, গভর্নিং বডির সদস্য সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, আমজাদ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয়। তারা নিজ নিজ স্টলে প্রকল্প প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের কাছে প্রকল্পগুলোর কার্যকারিতা, ফলাফল ও সম্ভাব্য উপকারিতা তুলে ধরে।
মেলায় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০১টি স্টল নিয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ৪৮টি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ৪৫টি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৮টি স্টল নিয়ে মেলায় অংশ নেয়।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করে। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন বিভাগে সেরা স্টলের উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও ফিনলের ডিজিএম মো. আমজাদ হোসেন।
