জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ডিউটি শেষে সিভিল পোশাকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই তরুণ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
নারী কনস্টেবলের স্বামীর ভাষ্য অনুযায়ী, তাঁর স্ত্রী থানার দায়িত্ব পালন শেষে প্রায়ই হেঁটে বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও সিভিল পোশাকে বাসায় ফেরার পথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছের নির্জন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে এক তরুণ এসে তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কাছেই একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন।
এ অবস্থায় ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে দুই তরুণ দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যান। ঘটনার সময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে কোনো মালামাল ছিনিয়ে নেয়নি বলে জানান তাঁর স্বামী।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ডিউটি শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ওই নারী কনস্টেবলের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে তাঁর সাহসিকতা এবং আশপাশের লোকজন এগিয়ে আসায় তাঁরা পালিয়ে যান।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে, নারী কনস্টেবলের স্বামী জানিয়েছেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
