আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আগামী বা আসছে শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে ছাতক উপজেলা সম্মেলন। সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়েছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।
শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মাঠে এ মহাসমাবেশ বা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
সম্মেলনকে সফল করার লক্ষে গত বুধবার (১১ নভেম্বর) বাদ আসর গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কাজী অফিসে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।
মতবিনিময় ও প্রচারণায় নেতৃবৃন্দ বলেন, জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের মধ্যে ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ইসলামী তাহজিব-তামাদ্দুন সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শবিরোধী ষড়যন্ত্র ও কর্মকাণ্ড মোকাবিলায় সংগঠন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সম্মেলনের মাধ্যমে ইসলামী আদর্শ, সুন্নিয়তের চেতনা এবং ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর রেখে যাওয়া দ্বীনি ও সাংগঠনিক কর্মধারা আরও বেগবান হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
সম্মেলনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, প্রচার মিছিল এবং শত শত মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়। ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন সংগঠনের দায়িত্বশীল ও কর্মীরা। সম্মেলনকে ঘিরে ছাতকের ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠন দুটির অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলন বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক (উত্তর) উপজেলা সহসভাপতি মাওলানা রেজাউল করিম, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ শাহজাহান, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও অর্থ সম্পাদক হাফিজুর রহমান।
এছাড়াও মাওলানা রমজানুল হক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুক্তার, মাওলানা মোস্তাক আহমদ, তারেক আহমদ রাজু, ফয়ছল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে ছাতকে একটি স্মরণকালের বৃহৎ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
