বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শার্শা উপজেলা কৃষক দলের উদ্যোগে বিকেল ৪টায় উপজেলার নাভারন কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ সময় বক্তারা বলেন, ‘মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য।’
২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, সাংগঠনিক দক্ষতা ও যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খানসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.