শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল-ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে দেখা যায়, ভিডিও ধারণকারী ব্যক্তি আগে থেকেই রাস্তায় অপেক্ষা করছিলেন। একপর্যায়ে হাসিব আল-ইসলাম এক নারীকে নিয়ে অটোরিকশায় (টমটম) আসার পর গাড়িটির গতি রোধ করা হয়।
ভিডিওতে দেখা যায়, অটোরিকশা থামিয়ে হাসিব ও তাঁর সঙ্গে থাকা নারীকে ঘিরে ধরা হয়। এ সময় ভিডিও ধারণকারী ও হামলাকারীরা হাসিবের সাথে হাত মিলিয়ে মুহূর্তের মধ্যেই ‘জুলাই জঙ্গি’ সম্বোধন করে গালিগালাজ করেন এবং তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে সঙ্গীকে অটোরিকশায় রেখেই হাসিবকে দৌড়ে সটকে যেতে দেখা যায়। ভিডিওতে হামলাকারীদের একজনের হাতে ধারালো অস্ত্রের (চাপাতি) ছায়াও পরিলক্ষিত হয়।
শ্রীমঙ্গলের সংশ্লিষ্ট বালিশিরা রিসোর্ট সূত্রে জানা গেছে, হাসিব ও ওই নারী রিসোর্টে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কক্ষ ভাড়া নিয়েছিলেন।
হামলার বিষয়ে হাসিব আল-ইসলামের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে তিনি এলাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে। এ হামলায় কতজন অংশগ্রহণ করেছিলেন তাও নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
