শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল-ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের নামোল্লেখ করে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট সূত্রে জানা গেছে, হাসিব ও সাথে থাকা এক নারী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রিসোর্টে কক্ষ ভাড়া নিয়েছিলেন। গত মঙ্গলবার দুপুরে তারা অটোরিকশা (টমটম) যোগে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা এক যুবক গাড়িটির গতি রোধ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পৃথক ভিডিও চিত্রে ঘটনার বিবরণ পাওয়া গেছে। প্রথম ভিডিওতে দেখা যায়, হামলাকারী যুবক নিজেই নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে করতে রাস্তায় অপেক্ষা করছিল। অটোরিকশা থামানোর পর প্রথমে সে হাসিবের সাথে হাত মেলায়, কিন্তু মুহূর্তের মধ্যেই তাঁকে ‘জুলাই জঙ্গি’ সম্বোধন করে গালিগালাজ শুরু করে এবং চড়াও হয়। এ সময় হামলাকারীর হাতে একটি ধারালো অস্ত্রের (চাপাতি) ছায়াও পরিলক্ষিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দ্বিতীয় ভিডিওচিত্রটি অপর প্রান্ত থেকে ধারণ করা (যা অনেকে সিসিটিভি ফুটেজ বলেও দাবি করছেন)। এই ভিডিওতে দেখা যায়, হামলার একপর্যায়ে সঙ্গীকে অটোরিকশায় রেখে প্রথমে ওই নারী প্রাণ বাঁচাতে দৌড়ে সটকে পড়েন। ঠিক তখনই হামলাকারীকে হাসিবের দিকে চড়াও হয়ে এগিয়ে যেতে দেখা যায় এবং একপর্যায়ে হাসিব নিজেও আত্মরক্ষার্থে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন। তবে প্রাথমিক তথ্যে হামলায় ঠিক কতজন অংশ নিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে হাসিবের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে ঘটনার দিন রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
তবে দায়ের করা এজাহারে ঘটনার বিবরণে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের (২৬) নেতৃত্বে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সিএনজি অটোরিকশার পথরোধ করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। মামলায় ছাত্রলীগ নেতা হাবিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, প্রীতম দাশের লিখিত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে ঢাবি ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে ঘটনার দিন রাতেই শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলো। বিক্ষোভ সমাবেশ থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
