সালেহ আহমদ (স’লিপক): মাদকবিরোধী কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে গিয়ে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ ও স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং নির্দোষদের নিShort/নিঃশর্ত ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কাউন্সিলর মোঃ মাসুদের মেয়ে নাদিয়া মোহাম্মদ। এসময় বরকাপন এলাকার অধিবাসী এলাইছ মিয়া, গোলাম হোসেন, রাশেদ আলমসহ মৌলভীবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ শেষে নাদিয়া মোহাম্মদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে নাদিয়া মোহাম্মদ বলেন, “আমার বাবা মোঃ মাসুদ টানা পাঁচবার মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন। তাঁর পরিচালিত ‘মোঃ মাসুদ ফাউন্ডেশন’-এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ৮০ থেকে ১০০টি অসহায় ও দরিদ্র পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া মানবসেবায় বিশেষ অবদানের জন্য তিনি শেরেবাংলা অ্যাওয়ার্ড ও মাদার তেরেসা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।”
মাদকবিরোধী কর্মকাণ্ড ও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বরকাপন এলাকায় মাদকের বিস্তার রোধে আমার বাবা ও এলাকার সচেতন যুবসমাজ দীর্ঘদিন ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর মাদক সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এলাকাবাসী ও আমার বাবা রকি, লিটন ও তানভীর নামের তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তাঁদের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয় এবং এসআই আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাদকবিরোধী অভিযানে সহায়তার স্বীকৃতি না দিয়ে উল্টো আমার বাবাসহ কয়েকজন প্রতিবাদী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “মাদক নির্মূলে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে গিয়ে যদি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা হয়রানিমূলক মামলার শিকার হন, তবে ভবিষ্যতে সাধারণ মানুষ কীভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে এগিয়ে আসবে?”
সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিম্নলিখিত ৬ দফা দাবি পেশ করা হয়:
১. গত ৩ নভেম্বর বরকাপন এলাকায় সংঘটিত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।
২. ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের বক্তব্য গ্রহণ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে।
৩. এজাহারের অভিযোগ, ঘটনার পারিপার্শ্বিক প্রমাণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে।
৪. নিরপেক্ষ তদন্তে নির্দোষ প্রমাণিত হলে দায়েরকৃত মামলা থেকে দ্রুত আইনানুগ অব্যাহতি দিতে হবে।
৫. বরকাপনসহ মৌলভীবাজারের সব চিহ্নিত মাদকপ্রবণ এলাকায় অভিযান জোরদার করে প্রকৃত মাদক কারবারিদের আইনের আওতায় আনতে হবে।
৬. মাদক নির্মূলে সহযোগিতাকারী সাধারণ নাগরিক ও সচেতন ব্যক্তিদের সামাজিক সুরক্ষা ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে আবেগপ্লুত হয়ে নাদিয়া মোহাম্মদ বলেন, “আমরা কোনো বিশেষ সুবিধা বা অন্যায় দায়মুক্তি চাই না। আইন ও দেশের বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা কেবল চাই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী চিহ্নিত হোক এবং নির্দোষ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
