নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের বটির কোপে আফসার শেখ (৬০) নামে এক কৃষক ও ভ্যানচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজেদের বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে খায়রুল শেখ (২৪) পলাতক রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আফসার শেখের ছেলে খায়রুল শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বেকার ছিল। নেশার টাকা এবং স্ত্রীর ভরণপোষণের জন্য সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হতো। টাকা না পেলে সে ক্ষিপ্ত হয়ে বাড়ির আসবাবপত্র ও জিনিসপত্র ভাঙচুর করত। ঘটনার দিন দুপুরেও বাবা আফসার শেখের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খায়রুল ঘরে থাকা বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় নিহতের স্ত্রী ও অভিযুক্তের স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁদের আর্তনাদেও শেষরক্ষা হয়নি। পরে স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক খায়রুল পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত খায়রুল শেখকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
একই গ্রামে একদিনের ব্যবধানে দুটি খুন:
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) এই একই গ্রামে সুপারি গাছ নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের লাঠিপেটার শিকার হয়ে হাসানুর শেখ নামের এক চাচা নিহত হয়েছিলেন। মাত্র একদিনের ব্যবধানে একই গ্রামে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
