বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক মামলা রয়েছে। সর্বশেষ চাঁদা না দেওয়ায় গোলাম হোসেন বুদোসহ চার ব্যক্তিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে নিজামপুর ইউনিয়ন ও কন্দর্পপুর গ্রামের বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক কন্দর্পপুর গ্রামের একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম তোতা নিজ গ্রামে পালিয়ে আসেন। এরপর থেকে ওই অস্ত্রের ভয় দেখিয়ে তিনি রাতে চাঁদাবাজি ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নিরীহ মানুষকে মারধরের শিকার হতে হয়। স্থানীয়দের দাবি, তিনি রাতে এলাকায় ঘোরাফেরা করলেও দিনের বেলায় বাড়িতে অবস্থান করেন।
আহত গোলাম হোসেন বুদো জানান, শহিদুল ইসলাম তোতা তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১৪ নভেম্বর সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে রবিবার দুপুরে পুলিশ তাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা শহিদুল ইসলাম তোতার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ পাঠিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তার বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
