নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির (এহসানুল হক)-এর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মসূচি থেকে সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল আহমেদ।
মানববন্ধন ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইংরেজি দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জনস্বার্থমুখী ও স্বাধীন গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না। গণমাধ্যম সরকার, প্রশাসন বা জনগণের প্রতিপক্ষ নয়; বরং জনস্বার্থের প্রহরীর ভূমিকায় কাজ করে সঠিক পথ বাতলে দেয়।” তিনি আরও বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব ধারণ করে সৎ সাংবাদিকদের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই টিকে থাকতে হবে।”
সমাবেশে উপস্থিত অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। শুধু সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং ভয়ভীতি সৃষ্টির একটি নগ্ন প্রয়াস। আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকারকে সংকুচিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তর-এর মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, দৈনিক আমাদের কণ্ঠের শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর-পূর্বকোণের প্রতিনিধি মামুন আহমেদ এবং দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শামসুল ইসলাম শামীম প্রমুখ।
পেশাগত দায়বদ্ধতা ও আইনি অভিযোগের দুই চিত্র:
সাংবাদিক নেতৃবৃন্দের দাবি:
সাংবাদিক নেতৃবৃন্দের দাবি অনুযায়ী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের অনিয়মের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণেই এই হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে এবং তারা এই মামলার সঠিক তদন্ত প্রত্যাশা করেছেন।
মামলার আরজি অনুযায়ী অভিযোগ:
অন্যদিকে, সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার মূল আর্জিতে ফরিয়াদিনী ডা. সিনথিয়া তাসমিন অভিযোগ করেছেন, আসামিরা পারস্পরিক যোগসাজশে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে ও ব্ল্যাকমেইল করে অনৈতিকভাবে অর্থ আদায় করেছেন।
