শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সম্রাট ফিলিং স্টেশন’। পাম্পটি পুনরায় চালুর ফলে স্থানীয় যানবাহন চালক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অনুষ্ঠানে মুফতি মোহাম্মদ রসিদুর রহমান বর্নভী (পীর সাহেব বরুনা) প্রধান অতিথি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরী প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তারা শেষ পর্যন্ত উপস্থিত হতে পারেননি। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষের অংশগ্রহণে উদ্বোধনী পর্বটি সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিং স্টেশনটির বর্তমান স্বত্বাধিকারী মাওলানা শেখ আফজাল আহমেদ বরুনী বলেন, “বর্তমান যুগে আলেম সমাজ ব্যবসায় এগিয়ে না এলে হালাল ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতে আলেম সমাজ প্রধানত দ্বীন প্রচারে মনোযোগী ছিলেন, তবে বর্তমান প্রেক্ষাপটে দ্বীন প্রচারের পাশাপাশি হালাল ব্যবসায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সেই তাগিদ ও ভাবনা থেকেই আমি এই ব্যবসায় যুক্ত হয়েছি। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে হালাল ব্যবসা পরিচালনা করতে পারি, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দ্বীনের খেদমতের পাশাপাশি হালাল রিজিক অন্বেষণ এবং ব্যবসা-বাণিজ্যে আলেমদের সম্পৃক্ততা সমাজের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, মাওলানা আব্দুর রহমান নোমানীসহ স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সামাজিক ব্যক্তিবর্গ।
সাতগাঁও চৌমুহনা-সংলগ্ন এই ফিলিং স্টেশনটি চালু হওয়ায় শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার পরিবহন খাতের কর্মী এবং সাধারণ চালকরা সহজে ও দ্রুত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন, যা স্থানীয় যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
