ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে আসামিদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়ারাই ইউনিয়নের ইসলামপুর গ্রামের আজম আলীর বাড়ির সামনের সড়কে অভিযান চালান। এ সময় স্থানীয় জনতা কর্তৃক আটককৃত সোহেল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (২০) নামের দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে।
তাদের হেফাজত থেকে ২০ বোতল ‘AC Black Pure Grain Deluxe Whisky’ (৩৭৫ মিলি) এবং ১ বোতল ‘Ice Vodka’ (৩৭৫ মিলি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ডিসকভার মোটরসাইকেলটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি ছাতক থানার মামলা নং-০৯, তারিখ: ৬ নভেম্বর ২০২৬; ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ২৪(খ)/৩৮/৪১।
অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে সিআর-২৮৭/২৬ মামলার আসামি মোহাম্মদ জালাল আহমদ (৩৫) এবং জিআর-২৭৫/২৬ মামলার আসামি মো. জুবায়ের আহমদ (২৩)-কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে শুক্রবার যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
