সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোছবাড়ী গ্রামে নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা রাজা মিয়ার বিরুদ্ধে ওঠা ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগও পাওয়া গেছে।
গত বুধবার দুপুরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কোছবাড়ী গ্রামের রাজা মিয়ার বাড়ির সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিতে সর্বস্তরের গ্রামবাসী একটি প্রতিবাদ সভাও করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজা মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গ্রামবাসীর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে মো. আলকাছ মিয়ার বিরুদ্ধে একাধিক মামলার আসামি হওয়া এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও তোলা হয়। স্থানীয়রা এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশের প্রাথমিক তদন্তে রাজা মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রয়োজনীয় তদন্ত, তথ্য-প্রমাণ যাচাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
অভিযোগের বিষয়ে মো. রাজা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ‘প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে আদরের। আমিও আমার প্রতিবন্ধী মেয়েকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের জঘন্য কাজে জড়িত নই।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক বাবা যেন নিজের মেয়েকে সামনে রেখে বিষয়টি বিবেচনা করেন, তাহলেই বুঝতে পারবেন একজন বাবার কাছে মেয়ের ভালোবাসা কতটা গভীর।’ অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের মতো স্পর্শকাতর অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের সামাজিক চাপ কিংবা আবেগের বশবর্তী না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে অভিযোগকারী ও অভিযুক্তের আইনি অধিকার রক্ষা এবং ভুক্তভোগীর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
কোছবাড়ী গ্রামের সর্বস্তরের জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
