আনোয়ার হোসেন রনি, ছাতক প্রতিনিধি: সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়ন হলে দেশ ও জাতির সামগ্রিক উন্নতি সম্ভব। এ জন্য আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের বীজের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পতিত ও পরিত্যক্ত জমি কৃষিকাজের আওতায় আনতে হবে।
রোববার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই পুটিয়া মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র (ট্রাক্টর) বিতরণ, হারভেস্টার দিয়ে ধান কাটার উৎসব, সরিষার বীজ বপন ও পেঁয়াজ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম, উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
