আমার সিলেট ডেক্স: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতা কর্মী হৃদয় কুমার হরিজনের হত্যাকারী ইমন ও আমিনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়েছে। একই সাথে নিহতের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
আজ (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট সিটি পয়েন্টে ‘হরিজন ঐক্য কল্যাণ পরিষদ’ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।
হরিজন ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলার সভাপতি সুজন বাঁশফোরের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নিহতের ছোট বোন নূপুর বাঁশফোর, স্ত্রী পিংকি বাঁশফোর, হরিজন ঐক্য কল্যাণ পরিষদের জেলা সহ-সভাপতি জাফরু বাঁশফোর, সাধারণ সম্পাদক রাজু লাল, মহিলা বিষয়ক সম্পাদক সেহেলী রানী বাঁশফোর এবং সদস্য সন্দীপ বাঁশফোর।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু ও কোষাধ্যক্ষ আব্দুস সালাম।
সমাবেশে বক্তারা বলেন, চার সন্তান ও পরিবার নিয়ে নিহত হৃদয় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। গত ১১ অক্টোবর রাত ৮টায় হৃদয়ের স্ত্রীর ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে আসামিরা তাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হৃদয়। তার অকাল মৃত্যুতে পরিবারটি আজ চরম দিশেহারা ও অসহায় হয়ে পড়েছে।
বক্তারা অবিলম্বে হৃদয় হত্যার মূল অভিযুক্ত ইমন ও আমিন গংদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহতের অসহায় পরিবারের আয়ের পথ বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
