বেনাপোল প্রতিনিধি: দুই হাতে জন্মগত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবনের কাছে হার মানেননি যশোরের শার্শা উপজেলার জোহরা খাতুন (৫৪)। কারও মুখাপেক্ষী না হয়ে প্রায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে নিজ সংসারের হাল ধরে রেখেছেন এই সংগ্রামী নারী।
উপজেলার বাগআঁচড়া কলেজপাড়া এলাকায় স্বামী রশিদ ও জোহরা খাতুনের প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন। শারীরিক প্রতিবন্ধকতা ও নিত্যদিনের অভাব-অনটন তাঁদের জীবনযুদ্ধকে থামাতে পারেনি; বরং স্বামী-স্ত্রী মিলে প্রতিকূলতা জয় করে সংসার চালিয়ে নিচ্ছেন।
নিজের দৈনন্দিন কর্মব্যস্ততা সম্পর্কে জোহরা খাতুন জানান, প্রতিদিন ফজরের নামাজের পরপরই তিনি চায়ের দোকানে চলে যান। সেখানে চা তৈরি করা, ক্রেতাদের পরিবেশন ও দোকানের আনুষঙ্গিক কাজ সামলান। বেলা ১২টার দিকে বাড়ি ফিরে সংসারের কাজ ও স্বামীর জন্য রান্না শেষ করে দুপুরের পর আবার দোকানে ফেরেন। এরপর গভীর রাত পর্যন্ত চলে তাঁর একটানা কর্মযজ্ঞ।
স্বামী রশিদ জানান, দীর্ঘ দাম্পত্য জীবনে স্ত্রীর শারীরিক প্রতিবন্ধকতা কখনো তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। সংসারের তাগিদেই দুজন একসঙ্গে চায়ের দোকানটি পরিচালনা করছেন। স্বল্প আয়েই কোনোমতে তাঁদের জীবিকা নির্বাহ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন দশক ধরে দোকানে পরিশ্রমের পাশাপাশি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসার সামলাচ্ছেন জোহরা। তবে দুই হাতে প্রতিবন্ধকতা থাকায় স্বাভাবিক কাজকর্মে তাঁকে প্রায়ই বেগ পেতে হয়। এই অসহায় ও সংগ্রামী পরিবারের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “বাগআঁচড়া ইউনিয়নের বাসিন্দা জোহরা খাতুনকে প্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাঁকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
