জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকার সরুফৌদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির একটি পিকআপ (নিবন্ধন নম্বর: সিলেট-ঠ-১১-০০৩২)-এর সঙ্গে দরবস্তগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপটির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বীকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার (রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
