৩৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল রোববার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। সভায় ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ইউনিয়ন পর্যায়ে ২১২টি কেন্দ্রে ৪১৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া পৌর এলাকায় ৯টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌরসভা এলাকায় লক্ষ্যমাত্রা ৪ হাজার শিশু।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা সঠিক ক্যাপসুল প্রদান করবেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি নির্ধারিত টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), শ্রীমঙ্গল।
