কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিরপুর নিবাসী জুবেল মিয়া (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজের ডান পা হারিয়েছেন। তবে শারীরিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভেঙে পড়েননি তিনি। বরং সবাইকে সময়মতো চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এই কৃষিজীবী মানুষটি।
জানা যায়, যুব বয়সে শীতকালে আগুন পোহানোর সময় তার কাপড়ে আগুন লেগে রানের উপরের অংশে ফসকা পড়ে। দীর্ঘদিন পর পুরোনো সেই ক্ষতস্থানে চুলকানি ও ইনফেকশন দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, ক্যান্সার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জীবন রক্ষায় বাধ্য হয়ে তার ডান পা কেটে ফেলতে হয়।
সম্প্রতি বিএনপি নেতা ও কুলাউড়ার অ্যাডভোকেট আবেদ রাজা ঢাকার প্লাটিনাম হাসপাতালে গিয়ে জুবেল মিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় জুবেল মিয়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া খুবই জরুরি। তিনি সকল রোগীকে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
জুবেল মিয়া কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল ইসলাম রুবেলের পিতা। তার সুস্থতার জন্য পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছে।
