ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল্লাহ গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, খোয়াই নদীতে গোসল করতে নামার পর প্রবল স্রোতে তিনি ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।
রোববার (১৪ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান চলমান ছিল।
