ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাতিরলিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন নাছিমপুর মৌজার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বালু উত্তোলন, বনভূমি দখল ও গাছ ধ্বংসের অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। ছাতক রেঞ্জের বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌসের এজাহারের ভিত্তিতে ছাতক থানায় দায়ের করা এই মামলায় প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকার সরকারি বনসম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখে গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র ও ট্র্যাক্টর নিয়ে সংঘবদ্ধ চক্রটি সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে প্রায় ৫০ হাজার ঘনফুট বালু উত্তোলন করে এবং তা পরিবহনের রাস্তা বানাতে গিয়ে সামাজিক বনায়নের প্রায় ৭০০টি মূল্যবান গাছের চারা উপড়ে ও কেটে ধ্বংস করে। মামলার প্রধান আসামিরা হলেন আমির হোসেন, আরকান মিয়া, বদরুল ইসলাম, আব্দুস সোবহান, দুদু মিয়া, আফছার, হেলাল, কাওসার, সোহেল, আয়না, জয়নাল, জাহাঙ্গীর, জয়নুল ও ইমরান। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মামলাটি ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ১৯২৭ সালের বন আইনে নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে সত্যতা পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
Tuesday, July 21
