কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল।
দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছেন। এর আগে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
