এম এম শামসুল ইসলাম,জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ নারীর দায়ের কোপে হালিমা বেগম নামের এক গৃহবধূর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার কচুরগুল গ্রামে এ ঘটনা ঘটে। আহত হালিমা ওই গ্রামের দুবাই প্রবাসী ছলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় রোজি বেগমের সঙ্গে হালিমার বিরোধ চলছিল। শনিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রোজি বেগম দা দিয়ে হালিমাকে আঘাত করেন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্বজনরা আহত হালিমাকে উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জেনেছি। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
