জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির টিনশেড পাকা ঘর থেকে ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে বাড়ির মালিকসহ সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে একটি চোরাচালান চক্র ভারতীয় পণ্য দেশে এনে বিভিন্ন গুদামে মজুদ করে আসছিল। চক্রটির নেতৃত্বে রয়েছেন শাহজান নামে এক ব্যক্তি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন গুদামের ওপর নজরদারি বাড়ায়। একপর্যায়ে নির্ভরযোগ্য সূত্রে একটি গুদামে চোরাচালানের পণ্য মজুদের তথ্য নিশ্চিত হলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জিরাগুলো জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “চোরাকারবারিরা প্রায়ই সীমান্তপথ ব্যবহার করে অবৈধ পণ্য এনে বিভিন্ন গুদামে মজুদ করে এবং দ্রুত সরিয়ে ফেলে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কৌশলগত নজরদারি বৃদ্ধি করেছে। ইতোমধ্যে কয়েকটি গুদাম চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার একটি গুদামে পণ্য মজুদের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
