জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন আহমদ (১৪) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের তাহের আহমদ (১৫)। তিনি গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, হরিপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সিলেটগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাহসিন আহমদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত তাহের আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
