বিশেষ প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের গণিত ক্লাস, শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার যা যা প্রয়োজন, তার সবই করছে। প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আদিবাসীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালা পরিয়ে তাঁকে উষ্ণ বরণ করে নেওয়া হয়।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ট্রেনিং) আব্দুল আলীম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. জুলহাস মিয়া, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজমল আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
