সালেহ আহমদ (স’লিপক) : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী জনপদ। এ অঞ্চলের কৃষ্টি-কালচার, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় দক্ষিণ সুরমার মানুষের অবদান অনস্বীকার্য। সেই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।
তিনি বলেন, “সাংবাদিকতার ঐতিহ্য ও পেশাদারিত্ব রক্ষায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমিকা সার্বজনীন থাকবে। সরকারি খাসভূমি পাওয়া সাপেক্ষে প্রেসক্লাবের জন্য একটি ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে, ইনশাল্লাহ।”
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০ বছরপূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।
তিনি বলেন, সাংবাদিকতা একটি সুমহান পেশা। পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একসময় সিলেটে হাতে গোনা কয়েকজন সাংবাদিক থাকলেও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতারা ছিলেন সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তবে দুঃখজনকভাবে বিগত সময়ে প্রেসক্লাবটি নিজস্ব ভবনের জন্য জায়গা পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবেদ রাজা, নুরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাবেদ এমরান। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাবেক সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
