ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার–ছাতক) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।
বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশাল উন্নয়ন সভায় তিনি প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন মহাপ্যাকেজ ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।
সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি মিলন বলেন, “দোয়ারাবাজারকে আর পিছিয়ে পড়া উপজেলা হিসেবে দেখা হবে না। যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আনা হবে।”
ঘোষণা অনুযায়ী সড়ক উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার ২.৫ কিলোমিটার সড়কে ১০ কোটি টাকা এবং দোয়ারা–বোগলা ৫ কিলোমিটার সড়কেও সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া বাংলাবাজার–হকনগর–বোগলা সড়কে ৭ কোটি, আমবাড়ি–বদরপুর–রামপুর সড়কে ৬ কোটি, ছাতক–সুনামগঞ্জ সড়ক থেকে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি এবং দোহালিয়া–মঙ্গলপুর–ধর্মপুর সড়কে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া রাবার ড্যাম–চকবাজার ৩.৩ কিলোমিটার সড়কে ৭ কোটি, নরসিংপুর ইউনিয়ন অফিস থেকে শারফিন নগর পর্যন্ত ৩.৫ কোটি এবং নরসিংপুর–ছাতক বাজার সড়কে ৩ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়।
গ্রামীণ সড়ক উন্নয়নের অংশ হিসেবে সোনাপুর–নাছিমপুর, খন্ডারগাঁও–নেতর ছইড়, খায়ারগাঁও গ্রাম্য রাস্তা এবং শ্রীপুর–পলিরচড় সড়কে প্রতিটিতে ২.৭৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বালিউরা–নেদার কান্দি সড়কে ১ কোটি ৪০ লাখ এবং প্রতাপপুর–বিয়ানীবাজার সড়কে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়।
শিক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা দিয়ে তিনি জানান, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজসহ মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ১.৫ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হবে।
এছাড়া নৈনগাঁও, পশ্চিম মাছিমপুর, বাঁশতলাসহ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ এবং আরও ১০টি বিদ্যালয়ে ২ কোটি টাকা করে উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।
সংস্কার ও সুরক্ষার জন্য বগুলা স্কুল অ্যান্ড কলেজ, টেংরা মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা করে সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী। উন্নয়ন সভায় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভা শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
