ইউএই প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ ছুটির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ২৮ আগস্ট (শুক্রবার) এই ছুটি কার্যকর হবে বলে দেশটির সরকারি গণমাধ্যম দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর জন্মবার্ষিকী স্মরণে এই বিশেষ ছুটি দেওয়া হয়েছে। ছুটির দিনটি শুক্রবার হওয়ায় এবং সাধারণ সাপ্তাহিক ছুটি শনি ও রোববার অন্তর্ভুক্ত থাকায় দেশটির চাকুরিজীবীরা টানা তিন দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন।
এই সিদ্ধান্তের ফলে আগামী ২৮ আগস্ট (শুক্রবার) থেকে ৩০ আগস্ট (রোববার) পর্যন্ত টানা ৩ দিন বন্ধ থাকবে সব ধরনের সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান। ছুটি শেষে আগামী ৩১ আগস্ট (সোমবার) থেকে কর্মীরা যথারীতি যার যার কাজে যোগদান করবেন।
সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী, সরকারি ছুটির ক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী বা কাজের দিন সংলগ্ন সময়কে গুরুত্ব দিয়ে ছুটিগুলোকে সুনির্দিষ্ট করে বড় উইকেন্ড উপভোগের সুযোগ দেওয়া হয়ে থাকে।
