বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদাবাজির প্রতিবাদ করায় তিন জেলেকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে বলেও জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জালাল খা ও তার সহযোগী জেলেদের ওপর দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিল। এর জেরে শনিবার দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক সাধারণ জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।
আহতদের প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে পাথরঘাটা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলেরা অভিযোগ করেন, মো. বাবুল খান (৫৫), মো. সিরাজ (৫০), মো. জসিম (৩৫) ও মো. শাহিন (৪০)-সহ একটি চক্র নদী ও এলাকায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে জেলেরা আরও অভিযোগ করেন, নদীতে জাল ফেলতে তাদের কাছ থেকে এক লাখ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে নদীতে মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া এর আগে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের জাল ও দড়ি লুট করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সামনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও তাদের দৌরাত্ম্য কমেনি, বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে।
হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী জেলে ও এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জেলে সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
