শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ক্রাফট শ্রীমঙ্গল।
রোববার (২৮ জুন) শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সেশনে বক্তারা জানান, প্রতিবছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হয়েছে। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক মাটি, নদী ও সমুদ্রে জমা হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্লাস্টিকের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে টেকসই বিকল্প গ্রহণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও আয়োজন করেন ইকো ক্রাফট শ্রীমঙ্গলের সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, ফাতেমা বেগম, মোছা. তিন্নি আক্তার, মো. রেজাউল করিম, মো. মিহাদ হাসান, কংকা পাল এবং মো. শাহেদ আহমেদ রানা।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
