বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের শিকার দুই নারী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন- বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) এবং কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে ২০২৩ সালে চোরাইপথে তারা ভারতে যান। পরে তারা ভারতের নয়া দিল্লিতে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।
তিনি আরও জানান, গত বছরের ১১ ডিসেম্বর ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাদের দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেখানে প্রায় পাঁচ মাস কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইমিগ্রেশনের সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
