নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কায়দায় সংঘটিত চুরির ঘটনায় দুই নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বড়লেখা থানাধীন শাহবাজপুর বাজারের “রাসেল ভেরাইটিজ স্টোর”-এ সংঘটিত চুরির ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার সময় দুই নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে দোকান মালিককে বিভিন্নভাবে ব্যস্ত রাখে। এ সুযোগে তাদের সঙ্গে থাকা একটি শিশু দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ টাকা নিয়ে কৌশলে সটকে পড়ে। পরে বিষয়টি টের পেয়ে দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর বড়লেখা থানা পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামিদের শনাক্তে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় ১নং আসামি স্মৃতি রানি শাহজি প্রকাশ স্মৃতি বেগম (৩১)-কে বিশ্বনাথ থানার সন্ধানী ক্লিনিক এলাকা থেকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ মে ভোরে দক্ষিণ সুরমা থানাধীন ওমর কবল কাশবন এলাকা থেকে ২নং আসামি শানু বেগম (৩৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চুরির ঘটনায় ব্যবহৃত কৌশল ও জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
