বিশেষ প্রতিনিধি:মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ছাত্র সংসদের উদ্যোগে এক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বিকেল ২টায় মাদ্রাসার কনফারেন্স হলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী বশির আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র সংসদের সভাপতি মুহাম্মদ নুরুল আবেদীন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ-নাত, কবিতা আবৃত্তি, ডিসিপ্লিন বিষয়ক বক্তব্য ও বিভিন্ন ধর্মীয় উপস্থাপনা পরিবেশন করে। পরে অনুষ্ঠিত হয় দ্বীনি আলোচনা সভা।
আলোচনায় মাদ্রাসার প্রিন্সিপাল ও অতিথি বক্তারা কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামের শিক্ষা, নৈতিকতা এবং দ্বীনের পথে চলার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার উস্তাদ মাওলানা আবদুর রকিব সিদ্দিকী, মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, মাওলানা মুফতী মুজিবুর রহমান, কাজী হুসনে মোবারকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে মাহফিল সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
