মৌলভীবাজার প্রতিনিধি,৪ মে ২০২৬: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের নানা সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ডে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
এছাড়া সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার শ্রেষ্ঠ এসআই, সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার এবং সদর মডেল থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।
বিশেষ সাফল্যের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল (পিপিএম) কে পুরস্কৃত করা হয়। তিনি ৭টি চোরাই মোটরসাইকেল, একটি এক্স করোলা প্রাইভেট কার উদ্ধার, ৬৫ পিস ইয়াবা ও ৪২০ গ্রাম গাঁজা জব্দ এবং রাজনগর থানার একটি হত্যা মামলার ৩ আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেন।
এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় দায়িত্বশীলতার সঙ্গে দাপ্তরিক কাজ সম্পন্ন করায় এএসআই মোঃ মাসুম আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলার বিভিন্ন ইউনিট প্রধান ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
