শ্রীমঙ্গল প্রতিনিধি: সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেল প্রায় ৩টার দিকে (২ টা ৫৫মিনিট) ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি সাতগাঁও রেলওয়ে স্টেশনে থেমে যায়। ফলে ট্রেনটির যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ট্রেনটিতে বিদেশগামী যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের গুরুত্বপূর্ণ যাত্রী রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় আটকে থাকায় অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
প্রাথমিকভাবে শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও পরে সাতগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে তিনি জানান, “উদ্ধারকারী ইঞ্জিন রশিদপুর স্টেশন ছেড়ে সাতগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছে। আশা করছি, ভোর সাড়ে ৫টার মধ্যেই ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করতে পারবে।”
রেলওয়ে সূত্র জানায়, উদ্ধারকারী ইঞ্জিন পৌঁছানোর পর বিকল ইঞ্জিনটি সরিয়ে বা সংযুক্ত করে উপবন এক্সপ্রেসকে ঢাকার উদ্দেশে পাঠানো হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি সাতগাঁও রেলওয়ে স্টেশনেই অবস্থান করছিল এবং উদ্ধারকারী ইঞ্জিনের অপেক্ষায় ছিল।
