শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরির অভিযোগ পাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। অভিযানে দীপেন গোয়ালা (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বস্তি এলাকার লভিন গোয়ালার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, দীপেন গোয়ালা দীর্ঘদিন ধরে মোহাম্মদ ইদ্রিস আলীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাড়ির মালিক বাসায় না থাকার সুযোগে তিনি বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল এলাকার কাসেম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কাসেম মিয়া ও তাঁর স্ত্রী মালামালগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দীপেন গোয়ালা বিভিন্ন সময়ে চুরি করা মালামাল কাসেম মিয়ার কাছে বিক্রি করতেন। প্রাথমিক তদন্তে ইয়াবা সেবনের জন্য অর্থ জোগাড় করতে তিনি এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে আরো জানা যায় যে কাশেম মিয়ার কাছ থেকেই দিবেন মাদক সেবনে আসক্ত হয়েছেন।
অভিযানকারী কর্মকর্তা এসআই মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “চুরির অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
